শ্রীলঙ্কার ক্রিকেটে বিতর্ক পিছু ছাড়ছেই না। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞা মিলেছে। লঙ্কানদের সাবেক ক্রীড়ামন্ত্রী শ্রী রোশন রণসিংহ বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠল, তুলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই (এসএলসি)।
লঙ্কান বোর্ড বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কার খেলাধুলার উন্নতির জন্য জাতীয় স্পোর্টস ফান্ডে একটি তহবিল দিয়েছিল এসএলসি। সেই তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগ উঠেছে লঙ্কানদের সাবেক ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ তদন্ত করতে বিজ্ঞপ্তি দিয়ে অভিযোগ তুলেছে এসএলসি।
এর আগে হতশ্রী পারফরম্যান্সের দায়ে বিশ্বকাপের মাঝে শ্রীলঙ্কার পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছিলেন ক্রীড়ামন্ত্রী শ্রী রোশন রণসিংহ। পরে ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করে নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
এজন্য আগামী জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের ভেন্যু শ্রীলঙ্কা থেকে সাউথ আফ্রিকায় সরিয়ে নেয়া হয়েছে। রণসিংহেও ক্রীড়ামন্ত্রীর পদ হারিয়েছেন। বোর্ডে দুর্নীতিবিরোধী অভিযান চালানোর কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তাকে হত্যার চেষ্টা করছেন, এমন অভিযোগ তোলার পর বরখাস্ত হন রণসিংহে।








