গতমাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুম্যাচে হেরে বেশ চাপে পড়েছিল সাউথ আফ্রিকা। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়া দল। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আগে এমন দুর্দান্ত সিরিজ জয়ের পর বিশ্বমঞ্চেও বিশেষ কিছু করার প্রত্যাশা দেশটির তারকা ব্যাটার ডেভিড মিলারের।
৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সাউথ আফ্রিকা। ওয়ানডে বিশ্বকাপে কখনও শিরোপা জয়ের স্বাদ না পেলেও ইতিহাস ভুলে ভালো কিছু করতে চায় বাভুমা-মিলারদের দল।
৩৪ বর্ষী মিলার বলছেন, ‘আমরা সত্যিই বিশ্বাস করি, এখানে আমরা বিশেষ কিছুই চাই। যদিও বাস্তবতা হল, আমরা কখনই বিশ্বকাপ জিততে পারিনি। তাই আমাদের কার্পেটের নিচে ময়লা রেখে উপরে ঝাড়া-মোছা করে করে লাভ নেই।’
‘কিন্তু ব্যক্তিগতভাবে এসবকিছু নিয়ে ভাবি না। অতীত হল অতীত। এটি কখনই আমাকে প্রভাবিত করে না। সবচেয়ে বড় বিষয়টি হল, আপনার সামনে এখন কী আছে। এবং, সেটার জন্যই এগিয়ে যেতে হবে। আমার ধারণা দলের অন্যরাও একইরকম মানসিকতায় আছে। আমরা এটিকে ইতিহাস গড়ার সুযোগ হিসেবে দেখছি। এটা আমাদের জন্য একটি উজ্জ্বল সুযোগ। আমাদের অবশ্য ভালোও খেলতে হবে।’
আইসিসি র্যাঙ্কিংয়ে চারে থেকে ভারতে পা রেখেছে সাউথ আফ্রিকা। ব্যাটারদের সেরা ১৫ জনের মধ্যে পাঁচজনই এখন প্রোটিয়া দলের। মিলার বলছেন, ‘আমরা গত চার বছরে ধারাবাহিকভাবে পারফর্ম করছি। যদিও ব্যক্তিগতভাবে পরিসংখ্যান-চালিত লোক নই। তবে এই বিষয়গুলো দলের জন্য স্বস্তির।’








