উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করে দলের ভিত্তি গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। টাইগারদের দুই ওপেনার সাজঘরে ফেরার পর রানের চাকা দারুণভাবে সচল রাখেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। শান্তর রান আউটের পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েছেন হৃদয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাল-সবুজের দলের সংগ্রহ ৩৩ ওভারে ২ উইকেটে ২০৩ রান। তাওহীদ হৃদয় ৪৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৪২ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৯ বলে ৩ ছক্কায় ২৫ রানে ক্রিজে আছেন।
দারুণ ছন্দে থাকা শান্ত নিজের দোষেই হন রান আউট। অ্যাবটের বলে এক রান নিয়েছিলেন। অযথাই দ্বিতীয় রান নিতে গিয়ে করেন সর্বনাশ। স্কয়ার লেগে থাকা মার্নাস লাবুশেনের থ্রোয়ে বল নিয়ে স্টাম্প ভাঙেন জশ ইংলিশ। শান্তর সম্ভাবনাময় ইনিংস ৫৭ বলে ৬ চারে ৪৫ রানেই থামে। তৃতীয় উইকেটে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের সঙ্গে ৬৪ রান যোগ করেন হৃদয়।
এর আগে উদ্বোধনী জুটিতে ৭৬ রান তোলার পর ১২তম ওভারে শন অ্যাবটের বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। ক্রিজ ছাড়ার আগে করেন ৩৪ বলে ৬ চারে ৩৬ রান। দলীয় স্কোর একশো ছাড়ানোর পর সাজঘরে ফেরেন ৪৫ বলে ৫ চারে ৩৬ রান করা লিটন। টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে মার্নাস লাবুশেনের তালুবন্দি হন।








