নিউজিল্যান্ড ম্যাচেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডের পাশে নাম লেখাতে পারতেন বিরাট কোহলি। সেঞ্চুরির কাছেই গিয়েছিলেন, ৯৫ রানে আউট হয়ে বাড়ান অপেক্ষা। ইংল্যান্ডের বিপক্ষে পরে শূন্য রানে ফিরে যান। নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও এসেছিল সুযোগ। এদিনও কাজে লাগাতে পারেননি কোহলি। ৮৮ রানে আউট হয়ে বাড়ান শচীনের রেকর্ড ৪৯ ওয়ানডে শতক ছোঁয়ার অপেক্ষা।
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি শচীনের। কোহলির ৪৮টি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেঞ্চুরি পেলেই শচীনের পাশে নাম লেখাতেন। ৩২তম ওভারের তৃতীয় বলে ফিরে যান কোহলি। দিলশান মাদুশঙ্কার বলে শর্ট কাভার অঞ্চলে ক্যাচ দেন পাথুম নিশাঙ্কার হাতে। ১১ চারে ৯৪ বলে ৮৮ রান করে যান ভারত তারকা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ২২৫ রান। শ্রেয়াস আয়ার ১৫ বলে ২০ রানে ও লোকেশ রাহুল ৯ বলে ১৪ রানে ক্রিজে আছেন।
বৃহস্পতিবার টসে জিতে স্বাগতিকদের ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। নেমে ইনিংসের দ্বিতীয় বলে রোহিতকে ফেরান মাদুশঙ্কা। পরে কোহলিকে নিয়ে ১৮৯ রানের জুটি গড়েন শুভমন গিল।
৩০তম ওভারের শেষ বলে দলীয় ১৯৩ রানে গিলকে নিজের দ্বিতীয় শিকার বানান মাদুশঙ্কা। ১১ চার ও ২ ছক্কায় ৯২ বলে ৯২ রান করেন গিল। এক ওভার পর আবার বলে আসেন মাদুশঙ্কা। ওভারের তৃতীয় বলে বিরাটকেও ফেরান।







