বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটিতে এখনও সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা কাটেনি। উঁরুর ইনজুরিতে ভুগছেন টাইগার অধিনায়ক। ম্যাচের দিন সকালেই সিদ্ধান্ত হবে সাকিবের খেলার বিষয়ে।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার দুদল তাদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে এসে সাকিবের বিষয়ে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেয়ার কথা জানান টাইগারদের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সাকিবের খেলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কোচ বলেছেন, ‘গতকাল (মঙ্গলবার) ব্যাটিং সেশন হয়েছে। ভালো রানিং বিটুইন দ্য উইকেট। আমরা আজকে তার স্ক্যান করিয়েছি। ফলাফলের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে সে ঠিক আছে। যদিও সে বোলিং করেনি। কালকে সকালে আসবে এবং তাকে আমরা দেখে সিদ্ধান্ত নেব।’
‘সে যদি খেলার জন্য তৈরি না থাকে তাহলে আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। যদি সে তৈরি থাকে তাহলে খেলবে।’
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উঁরুতে চোট পেয়েছেন সাকিব। যদিও সে সময় ব্যাটিং চালিয়ে যান তিনি। পরে নিজের ১০ ওভারের বোলিং কোটাও পূরণ করেন টাইগার অলরাউন্ডার। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই স্ক্যান করানোর জন্য হাসপাতালে যেতে হয়েছিল তাকে।








