দেশের মাটিতে বিশ্বকাপ, আসরে উড়ছে ভারত। টানা তিন ম্যাচে জিতে টেবিলের শীর্ষে আছে। চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। শেষ চার দেখায় টাইগারদের বিপক্ষে তিনটিতে হেরেছে ভারত। সবশেষ এশিয়া কাপে হেরেছে। বিশ্বমঞ্চে তাই বাংলাদেশকে নিয়ে সতর্ক রাহুল দ্রাবিড়। এমনকি দলের সবাইকে ছুটি দিয়ে নিজেরটা বাতিল করেছেন ভারতের কোচ।
বাংলাদেশ-ভারত মহারণ হবে পুনেতে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। ম্যাচ সামনে রেখে রোববার পুনেতে পৌঁছায় ভারতীয় দল। পরে প্রশিক্ষণ ক্যাম্প থেকে একদিনের ছুটি দেয়া হয় দলের সবাইকে। সোমবার সবাই ছুটি কাটালেও নিজে ছুটি নেননি কোচ রাহুল দ্রাবিড়।
ওইদিন পিচ দেখতে বাংলাদেশ ম্যাচের ভেন্যুতে যান দ্রাবিড়। কিউরেটর ও গ্রাউন্ড স্টাফদের সঙ্গে পিচের আচরণ নিয়ে কথা বলেন। ভারত-বাংলাদেশ ম্যাচটি দিয়ে চলতি বিশ্বকাপে অভিষেক হতে চলেছে পুনের মাঠটির। নতুন মাঠ, সেক্ষেত্রে কিছুটা অচেনা স্বাগতিকদের কাছেও। ছুটিটা বাতিল করে তাই ভেন্যুর ময়নাতদন্তে ছুটে যান দ্য ওয়াল।
টাইগার ম্যাচ সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলনে নেমেছেন রোহিত-কোহলি।








