বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ভারতে ওয়ানডে বিশ্বকাপ মহারণ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচটিতে ভারতের ও বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিল প্রায় ফাঁকা। দর্শকশূন্য গ্যালারি দেখে ‘ফ্রি টিকিট’ দিয়ে দর্শকদের মাঠে আনার উপদেশ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।
ভারতের মারকুটে এ ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আশা করছি অফিস শেষ হওয়ার পর আরও মানুষ আসবে। কিন্তু যে সকল ম্যাচগুলো ভারতের না, সেগুলোতে স্কুল কলেজের ছেলেমেয়েদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা উচিত।’
‘যেহেতু ৫০ ওভারের ম্যাচগুলোতে দর্শক কমছে, তরুণদের বিশ্বকাপ দেখার সেই সুযোগটা দিলে তাদের ভালো অভিজ্ঞতা হবে এবং খেলোয়াড়রা গ্যালারি ভর্তি দর্শকদের সামনে খেলতে পারবে।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্টেডিয়াম এমন দর্শক শূন্য দেখে সাধারণ মানুষও বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।








