দীর্ঘ সময় ধরে ওপেনিং জুটি নিয়ে ভুগছে বাংলাদেশ। লম্বা ক্যারিয়ারে যোগ্য সঙ্গী স্থায়ীভাবে পাননি তামিম ইকবাল। অনেক নাটকীয়তার পর দেশসেরা ওপেনার বিশ্বকাপ স্কোয়াডে নেই। তাতে বিশ্ব আসরে কম্বিনেশন ঠিক করা নিয়ে দুশ্চিন্তা থেকেই গিয়েছিল।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে যেন বাংলাদেশের ওপেনিং জুটির সমাধানটা পাওয়া গেল। ১৩১ রানের জুটি গড়ে সেই বার্তাই দিলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম।
ফর্মে ফেরা লিটন ৫৪ বলে ১০ চারে ৬১ রান করেন। শৈল্পিক ব্যাটিংয়ের জন্য নন্দিত ডানহাতি এ ব্যাটারের রান খরা টাইগার সমর্থকদের কপালে ফেলেছিল দুশ্চিন্তার ভাঁজ। হেমন্তর বলে পাথিরানার হাতে ধরা পড়ার আগে যেন অফফর্মকে তিনি ঝেটিয়ে বিদায় করার প্রত্যয় নিয়েই খেললেন ছন্দময় ইনিংস।
এশিয়া কাপে অভিষিক্ত তানজিদ চার ওয়ানডে খেললেও নিজের জাত চেনাতে ব্যর্থ হন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার আজ ফিফটি তুলে নিয়ে দলকে জানান দিলেন বিশ্বআসরের জন্য তিনি প্রস্তুত। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা আদায় করতে পারেননি। লাহিরু কুমারার বলে চারিথ আসালাঙ্কার হাতে ক্যাচ দেয়ার আগে ৮৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রানের নান্দনিক ইনিংস খেলেন।








