আর মাত্র চারদিন পরই ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। বিশ্বকাপের মূলপর্বেও টাইগাররা ভালো করবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া প্রধানমন্ত্রী দেশটির সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’কে সাক্ষাৎকার দেন। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে তিনি নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সব সময় আশা করি যে বিশ্বকাপে অবশ্যই আমরা ভালো খেলা দেখাতে পারব।’
ক্রিকেটারদের জন্য শেখ হাসিনার বার্তা, ‘এটাই আমার কথা যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবেই সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই।’
‘আমার সাথে সব সময় তাদের যোগাযোগ থাকে। আসার আগেও ওদের সাথে কথা বললাম, প্লেয়ারদের সাথে…যারা অরগানাইজার তাদের সাথেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি, খেলাধুলায় যাতে সবসময় আমাদের ছেলে-মেয়েরা ভালো করে, সেদিকে আমার দৃষ্টি থাকে এবং সব রকমের সহযোগিতা করে থাকি।’
‘বিশ্বকাপে আমরা যে সুযোগ পেয়েছি, এটা সবচাইতে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সব সময়।’
ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার কথা সবারই জানা। তিনি কতটা ক্রীড়াপ্রেমী ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের আইসিসি ট্রফির সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের পর তা সর্বপ্রথম দেখা যায়। ফাইনাল ম্যাচের আগেই তিনি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে টাইগারদের গণসংবর্ধনার ঘোষণা দেন। ফাইনাল ম্যাচে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের শিরোপা জয় যেন সেই গণসংবর্ধনাকে জাতীয় উৎসবে পরিণত করেছিল, দিনটি পহেলা বৈশাখ হওয়ায় যেন তাতে বয়ে গিয়েছিল আনন্দের জোয়ার।







