আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়নে বিএনপি’র অন্তরজ্বালা। পরাজয়ের ভয়ে বিএনপি মরণ যন্ত্রণায় ছটফট করছে।
ওবায়দুল কাদের শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল বলেন, বিদ্বেষের রাজনীতি করলে আজীবন আপনাদের বিরোধী দল হয়ে থাকতে হবে। আজকে বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করছে। আইএমএফসহ সারা দুনিয়া বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু বিএনপির তা সহ্য হচ্ছে না।
বিএনপিকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবেন না? ক্ষমতা কি আপনার বাপ দাদার? ক্ষমতার মালিক আল্লাহ পাক ও এ দেশের জনগণ। বিএনপি ক্ষমতা দেবে, ওই ক্ষমতা তো আমাদের দরকার নেই। বিএনপি নিজেরাই ক্ষমতায় যেতে পারে না, আবার বড় বড় কথা বলে।
ওবায়দুল কাদের বলেন, এ বছর ৩৩টি দেশে নির্বাচন হচ্ছে। কোন দেশের নির্বাচন নিয়ে বিশ্ব মোড়লদের কোনো মাথাব্যথা নেই, মাথাব্যথা কেবল বাংলাদেশের নির্বাচন নিয়ে। পৃথিবীর কোনো দেশেই যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না, শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলেই আমাদের নিষেধাজ্ঞা দেবে, ভিসানীতি দেবে এমন হুমকি-ধামকি দেয়।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে আর বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে। তিনি বলেন, ১৫ই আগস্ট কিংবা একুশে আগস্টসহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা।
নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে নির্বাচনে তাদের কি দশা হবে। এই মুহূর্তে নির্বাচন হলে দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দেশের ৬৪ জেলায় সমীক্ষা চালিয়ে দেখেছে বর্তমান সরকারের একচেটিয়া জনপ্রিয়তা। সরকারের এ জনপ্রিয়তা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।








