রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা প্রথমে তাকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলী নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে ফাহিম শাহ আলী থানা হেফাজতে রয়েছেন। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গুলশান থানায় নেওয়া হতে পারে।
ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, আটকের বিষয়টি আমরা অবগত আছি। ওসির সঙ্গে কথা চলছে। গুলশান থানাসহ আরও কয়েকটি থানায় মামলা থাকায়, সংশ্লিষ্ট মামলার ভিত্তিতে তাকে প্রয়োজনীয় থানায় নেওয়া হবে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ) তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের যৌথ প্রচেষ্টায় আর এস ফাহিমকে ধরে শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।’
অপরদিকে আটক হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আর এস ফাহিম চৌধুরী। পোস্টে তিনি নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি এই ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মব’ হিসেবে আখ্যায়িত করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, উদ্দেশ্যপ্রণোদিত এই মব করে যা করার চেষ্টা হচ্ছে, আল্লাহর কাছে ছাড়া বলার মতো কিছু নেই। সত্য উন্মোচিত হবেই একদিন, আমাকে নিয়ে গিয়ে সত্য কখনও চাপানো যাবে না। দোয়া প্রার্থী।
আন্দোলনের সময় নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আন্দোলনের পক্ষে থেকেও আমার সঙ্গে যা হলো, তার সত্য একদিন প্রকাশ হবে। আমার সব কার্যক্রম আমার পেজেই থাকলো, বিচারটা আপনারা কইরেন।








