বিপিএলে প্রথমবার খেলতে এসেছে নোয়াখালী এক্সপ্রেস। উদ্বোধনী আসরটা ভালো যাচ্ছে না দলটির। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে সবকটিতেই হার দেখেছে। হারেরবৃত্ত থেকে বেরুতে অন্তত একটা জয়ের জন্য মুখিয়ে আছে ফ্র্যাঞ্চাইজিটি।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ৪ উইকেটে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হেরেছে নোয়াখালী। আগে ব্যাটে নেমে ১৫১ রান করলেও রাজশাহী তা তাড়া করেছে একওভার হাতে রেখে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন নোয়াখালী ওপেনার সৌম্য সরকার। বলেছেন, ‘যে কয়েকটা ম্যাচ আমি খেলছি, এখানে সবাই একটা ম্যাচ জিতার জন্য অনেক মরিয়া হয়ে আছে। সবাই চেষ্টা করছে এবং সবাই সবার সেরাটা দেওয়ারও চেষ্টা করছে। হয়তোবা কোনো কারণে ওইটা আমরা ক্লিক করতে পারছি না।’
অন্তত একটা ম্যাচ জিততে চান জানিয়ে সৌম্য বলেন, ‘আমাদের এখন একটাই চিন্তা একটা ম্যাচ আগে জিততে হবে। যে জিতলে মোমেন্টামটা আগে নিয়ে আসতে হবে। তারপরেরটা পরের চিন্তা।’
নোয়াখালী দলকে নিয়ে বেশ আশাবাদী ছিল নোয়খালী অঞ্চলের মানুষ। দলকে সমর্থন জানাতে সিলেটেও এসেছিল অনেক দর্শক। তবে দর্শকদের আশানুরূপ ফল দিতে পারেনি দলটি। এজন্য সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন সৌম্য। বলেছেন, ‘তাদের (নোয়াখালীর সমর্থক) জন্যও তো খারাপ লাগে। কিন্তু উনারা কি আমাদের খারাপ লাগাটা দেখছে কিনা এটা জানি না। আমরাও চেষ্টা করছি তাদের, তাদেরকে খুশি করার জন্য। হ্যাঁ, আমরা ব্যর্থ হচ্ছি। তাদের কাছে আমরা দুঃখই প্রকাশ করছি যে তারা এত কষ্ট করে খেলা দেখতে আসে, কিন্তু আমরা সেটা দিতে পারছি না। এটা আমাদের টিমেরই একটা ব্যর্থতা বলতে পারেন, ব্যাটার ব্যর্থতা বলতে পারেন।’








