বিপিএল চলতি আসরের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হয়েছে অভিষিক্ত নোয়াখালী এক্সপ্রেস। পাকিস্তানি ওপেনার মির্জা বেগের ৮০ রানের দারুণ ইনিংসে সৈকত আলীর দলকে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ গড়ে তারা।
ব্যাটে নেমে শুরুটা ভালো করতে পারেনি চট্টগ্রাম। এবারের নিলামে সবচেয়ে বেশি এক কোটি ১০ লাখ টাকায় কেনা মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে আসে ১১ বলে ১১ রান। ২৯ রান তিনি ফিরে গেলে মাহফিজুল ইসলামও টিকে থাকতে পারেননি বেশি সময়। ১২ বলে ১৬ রান করে সাজঘরে পথ ধরেন তিনি।
এরপর নোয়াখালীর জহির খানের বলে ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদুল হাসান জয়। ১৭ রান আসে তার ব্যাট থেকে। তবে অধিনায়ক মেহেদীর ১৩ বলের ২৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে দ্রুত কিছু রান তোলে নোয়াখালী। তবে ধীরগতির হলেও ওপেনার মির্জা বেগের ৬৯ বলে ৮০ রানের ইনিংসে ভর করে শেষপর্যন্ত ৬ উইকেটে ১৭৪ রানের পুঁজি পায় চট্টগ্রাম।
নোয়াখালী বোলারদের মধ্যে সাব্বির হোসেন ২ উইকেট নেন। হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান ও মায়াজ সাদাকাত নেন একটি করে উইকেট।








