যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। চূড়ান্ত করছে বিশ্বকাপের আগে প্রস্তুতির স্কোয়াড, যেখানে থাকছে বিশ্বকাপের জন্য বিবেচ্য খেলোয়াড়রা। প্রস্তুতির দল ঘোষণা করে ফেলল ব্রাজিলও, নেই নেইমার জুনিয়রের নাম।
২৬ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাও দল। বিশ্বকাপ দল ঘোষণার আগে শেষ প্রস্তুতি ম্যাচ এ দুটি। কার্লো আনচেলত্তি আগামী ১৮মে বিশ্বকাপ জানাবেন।
জাতীয় দল জার্সিতে ৭৯ গোল করা ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ অক্টোবর থেকে হলুদ জার্সিতে খেলেননি। বাঁ-হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাস ছিঁড়ে গুরুতর চোট পান। গত রোববারও তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে চান। সম্প্রতি ব্রাজিলের ঘরোয়া লিগে করিন্থিয়ান্সের বিপক্ষে ১–১ গোলে ড্র ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন, যেখানে আনচেলত্তির দুই সহকারী উপস্থিত ছিলেন।
৩৪ বর্ষী নেইমার ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। আগের সপ্তাহে একটি ম্যাচেও খেলেননি, যে ম্যাচ সরাসরি দেখার কথা ছিল আনচেলত্তির।
সোমবার আনচেলত্তি বলেছেন, ‘নেইমার এখনও শতভাগ সুস্থ নযন, তাকে তালিকায় রাখা হয়নি। যদি শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে পারে, বিশ্বকাপে থাকতে পারে। তাকে নিয়মিত খেলতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং যোগ্যতা দেখাতে হবে।’
‘আমরা এই বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রযুক্তিগত, শারীরিক এবং মানসিক, সবদিক থেকেই আমরা সেরা অবস্থায় পৌঁছাতে চাই। যারা নিজেদের লিগে ভালো খেলছে, তাদের সুযোগ দেয়া হয়েছে। যেমন এন্ড্রিক, রায়ান, দানিলো।’
অবশ্য গতবছরের শেষে সতর্ক করে ইতালিয়ান কোচ জানিয়েছিলেন, তারকা নয় ফিটনেসকে প্রাধান্য দেবেন। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু। ‘সি’ গ্রুপে সেলেসাওদের অন্য প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং হাইতি।
ব্রাজিলের প্রস্তুতি ম্যাচের দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্তো, এডেরসন।
রক্ষণ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানিয়েস, লেও পেরেইরা, মারকুইনহোস, ওয়েসলি।
মাঝমাঠ: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, গ্যাব্রিয়েল সারা।
আক্রমণ: এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, মাতেউস কুনহা, রাফিনহা, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র, জোয়াও পেদ্রো।








