দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৬ সালের গোলখরা কাটিয়েছেন নেইমার। তার জোড়া গোলে ব্রাসিলিয়ো সিরি-আতে ভাস্কো দা গামাকে ২-১এ হারিয়েছে সান্তোস। সম্প্রতি চোট কাটিয়ে ওঠা নেইমার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তায়। তার পারফরম্যান্স নিয়েও উঠেছে সমালোচনা, ম্যাচ শেষে সেটার জবাব দিয়েছেন।
ঘরের মাঠে ম্যাচের ২৫ মিনিটে নেইমারের গোলে লিড পায় সান্তোস। ৪৩ মিনিটে কাউয়ান বারসের গোলে সমতায় ফেরে ভাস্কো দা গামা। ৬১ মিনিটে সান্তোসের জয়সূচক গোলে জোড়া পূর্ণ করেন নেইমার।
ম্যাচ শেষে সমালোচকদের জবাব এবং আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা নিয়ে বাড়তে থাকা চাপ প্রসঙ্গে বলেছেন নেইমার।
‘গত সপ্তাহে সবাই বলছিল আমি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ দুটি গোল করেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই ফুটবল। একদিন ভালো না বলে সমালোচিত হও, পরেরদিন মানুষ বলে তোমাকে বিশ্বকাপে যেতে হবে।’
‘আমি নিজের সর্বোচ্চটা নিবেদন করছি এবং সর্বোচ্চ ফিটনেসে পৌঁছাতে কাজ করে চলেছি। এটি ছিল এবছরে আমার তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয়বার পুরো ৯০ মিনিট খেলা। শেষদিকে কিছুটা পায়ে টান ধরেছিল, তবে এটি প্রক্রিয়ারই অংশ।’
২০২৬ সালের শুরুতে নেইমারের অস্ত্রোপচার হয় এবং সম্প্রতি তিনি সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, নেইমার ফিট ও স্বরূপে থাকলে তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হবে।








