নেইমার জুনিয়র ও ব্রুনা বিয়ানকার্দি জুটির সংসারে নতুন অতিথি আসবে সেই আভাসটা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দিয়েছেন গত জানুয়ারিতে। শনিবার সেই অপেক্ষার পালা শেষ হলো। ব্রাজিলের সাও পাওলোর ভিলা নোভা সেন্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের কন্যা সন্তান। ভূমিষ্ঠ কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মেল।
নেইমারের বান্ধুবী ব্রুনা বিয়ানকার্দি পেশায় একজন ইনফ্লুয়েন্সার ও স্টাইল আইকন। মেল নেইমারের চতুর্থ সন্তান হলেও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান। তার গর্ভে নেইমারের প্রথম কন্যা মাভি জন্ম নেয় ২০২৩ সালে। এর মাঝে ২০২৪ সালে সাময়িক বিচ্ছেদও ঘটে দুজনের। এরপরে নেইমার সম্পর্কে জড়ান জিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির সাথে। তার কোলে এসেছিলো নেইমারের আরেক কন্যা হেলেনা।
নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে তার প্রথম সন্তানের জন্ম হয়। পুত্র দাভি লুকার জন্ম হয় ২০১১ সালে। সেই প্রেম টেকেনি বেশিদিন। তবে দাভি এখনও থাকেন নেইমারের সঙ্গে।
ছোট্ট মেলের পৃথিবীতে আসার বার্তাটি ইনস্টাগ্রামে দিয়েছেন মা ব্রুনা। সেখানে লিখেছেন, ‘আমাদের সংসারে মেল এসেছে। এখন আমাদের জীবন আরো মধুর হয়ে উঠেছে। স্বাগতম, প্রিয় কন্যা! ঈশ্বরের আশীর্বাদ থাকুক তোমার পুরো জীবন জুড়ে। সব অমঙ্গল থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা ভালোবাসি তোমাকে।’
নতুন সন্তান জন্মের সময় পাশে থাকতে ছুটিতে আছেন নেইমার। নিজ ক্লাব সান্তোসের কাছ থেকেও আছেন দূরে।জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। চলতি বছরের শেষ পর্যন্ত নিজের চুক্তিও করেছেন নবায়ন। বছর ঘুরলেই জানা যাবে ২০২৬ বিশ্বকাপের আগেই নতুন কোনো ক্লাবে যাচ্ছেন কিনা।






