ক্রো-থর্প ট্রফি সিরিজের প্রথম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনটাও নিজের করে নিয়েছে তারা। যদিও নিউজিল্যান্ড ৪ রানের লিড নিয়েছে, তবে দিনের পুরোটা জুড়েই সফরকারীদের আধিপত্য দেখা গেছে। কিউইদের হয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন কেন উইলিয়ামসন।
ক্রাইস্টচার্চে টসে জিতে বৃহস্পতিবার স্বাগতিকদের ব্যাটে পাঠায় ইংল্যান্ড। উইলিয়ামসনের ৯৩ রানে ভর করে সবগুলো উইকেট হারিয়ে ৩৪৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে সবগুলো উইকেট হারিয়ে ইংলিশরা থামে ৪৯৯ রানে। তাতে দ্বিতীয় ইনিংসে ১৫১ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে ১৫৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
তৃতীয় দিনে কিউইদের হয়ে ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড করেছেন উইলিয়ামসন। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার পূর্ণ করেছেন সাবেক অধিনায়ক। উইলিয়ামসনের রেকর্ড গড়ার দিনে ৬ উইকেটে হারিয়ে চাপে নিউজিল্যান্ড। দিন শেষে কেবল ৪ রানের লিড পেয়েছে তারা।
শনিবার ম্যাচের দিনটি ছিল পুরোপুরি ইংল্যান্ডের দখলে। ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংলিশরা থামে ৪৯৯ রানে (হ্যারি ব্রুক ১৭১, অলি পোপ ৭৭, বেন স্টোকস ৮০, গাস অ্যাটকিনসন ৪৮ ও বেন ডাকেট ৪৬)। এতে ইংলিশদের লিড হয় ১৫১ রানের।
এরপর দেড় শতাধিক রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা নিউজিল্যান্ডের উইকেট ভাগাভাগিতে মেতে ওঠেন দুই ইংল্যান্ড পেসার ক্রিস ওকস ও ব্রাইডন কার্স। দুজনই নেন সমান ৩টি করে উইকেট।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের হয়ে লড়াই করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ৭ রানের জন্য করতে পারেননি সেঞ্চুরি এবার ফিফটির পরপরই থেমেছেন তিনি। ৮৬ বলে ৬১ রান তার ব্যাট থেকে। এতেই রেকর্ড করে ফেলেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। ৯ হাজার রানের মাইলফলক ছুঁতে ১০৩ টেস্ট খেলেছেন ৩৪ বর্ষী।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন কিউই ব্যাটার। উইলিয়ামসনের সমান ম্যাচে ৯ হাজার টেস্ট রান করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও পাকিস্তানের ইউনূস খান। দ্রুততম ৯ হাজার রানের মাইলফলক ছোঁয়ার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ডানহাতি অজি ব্যাটার এই মাইলফলকে পৌঁছেছেন ৯৯ টেস্ট খেলে। ১০১ ম্যাচ খেলে এই কীর্তিতে দুইয়ে আছেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা।
দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান নিয়ে উইকেটে আছেন ড্যারিল মিচেল। তিনিই এখন নিউজিল্যান্ডের ভরসা। অভিজ্ঞ এই ব্যাটারের সঙ্গে এক রান করে উইকেটে আছেন নাথান স্মিথ।








