ক্রাইস্টচার্চে হারের পর ওয়েলিংটন টেস্ট ছিল নিউজিল্যান্ডের সমতায় ফেরার লড়াই। কিন্তু তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতেও জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিনেই কিউইদের ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী ইংলিশরা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে বেন স্টোকস বাহিনী। ২০০৮ সালে পর প্রথম নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতল তারা। ক্রো-থর্প ট্রফি সিরিজে ২-০তে এগিয়ে থাকল ইংল্যান্ড।
রোববার ভোরে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় দিন ছিল অনেকটা আনুষ্ঠানিকতার। ৫ উইকেটে ৩৭৮ রানে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আর ৬.২ ওভার ব্যাট করে তারা। ১৩০ বলে ১০৬ রান করে জো রুট আউট হলে ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করেন স্টোকস। টেস্ট ক্যারিয়ারে রুটের ৩৬তম সেঞ্চুরি। ৪২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন স্টোকস।
নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৮৩ রানের। জবাবে টম ব্লান্ডেলের ১১৫ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২৫৯ রানে।
বড় লক্ষ্য তাড়ায় নেমে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ক্রিস ওকস ও ব্রাইডন কার্সের তোপে অবদান রাখতে পারেননি তিন টপঅর্ডার ডেভন কনওয়ে (৫), কেন উইলিয়ামসন (৪) ও রাচীন রবীন্দ্র (৬)।
প্রতিরোধ গড়েন উইকেটকিপার-ব্যাটার ব্লান্ডেল। ইংলিশ স্পিনার শোয়েব বশিরের বলে আউট হওয়ার আগে ১০২ বলে ১১৫ রান করেন। ১৩ চার ৫ ছক্কায় সজানো ইনিংস। তাতেও লাভ হয়নি। হারের ব্যবধানই কমেছে যা।
ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৫১ বলে ৪২ রান করেন নাথান স্মিথ। ৭০ বলে ৩২ রান করেন ড্যারিল মিচেল। অধিনায়ক টম ল্যাথাম করেন ৩৫ বলে ২৪ রান। বাকিদের কেউ ২০ রানের ঘরে যেতে পারেননি। ৫৪.২ ওভারে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।
ইংলিশদের হয়ে ২.২ ওভার বল করে ৫ রান খরচায় ৩ উইকেট নেন বেন স্টোকস। ২টি করে উইকেট নেন ব্রাইডন কার্স, ক্রিস ওকস ও বশির।
প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৮০ রান। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১২৫ রানে গুটিয়ে যায়। ম্যাচের ভাগ্য অনেকটা তখনই লেখা হয়ে যায়।








