ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একযোগে দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মো. সিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রফেসর মমিনুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মো. মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মো. আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর মোহাম্মদ মামুন আহমেদকে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এর আগে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন আবেদনে। আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে তিনি এ আবেদন পাঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান। ওই দিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়াজ আহমদ খান আজ সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তাঁর মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আজ নিয়াজ আহমদ খান আবেদনপত্র জমা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’






