আসন্ন ঈদুল আজহায় ছবি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক, নির্মাতারা। এরইমধ্যে মুক্তির ঘোষণায় চূড়ান্ত তালিকায় আছে তুফান, জংলি, এশা মার্ডার নামের ছবিগুলো। এবার যোগ হলো ‘ময়ূরাক্ষী’।
চিত্রনায়িকা ববি অভিনীত এ ছবিটি আসন্ন ঈদে মুক্তির ঘোষণা দিলেন পরিচালক রাশিদ পলাশ। যিনি এর আগে ‘পদ্মাপূরাণ’ নির্মাণ করে প্রশংসা অর্জন করেন। শুধু পরিচালক নয়, নায়িকা ববিও চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, তার ‘ময়ূরাক্ষী’ ঈদে মুক্তি পাবে।
এ ছবির গল্প পুরোপুরি সিনেম্যাটিক। দেখা যাবে, ফিল্মের এক নায়িকার উত্থান পতন। যেখানে আছে, ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের ভালোবাসা ও টানাপড়েন এবং শ্বাসরুদ্ধকর কিডন্যাপ! সেই নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ববি।
ঈদে মুক্তির ঘোষণা দিয়ে শনিবার (১১ মে) সকালে ‘ময়ূরাক্ষী’র একটি পোস্টারও প্রকাশ করেন নির্মাতা। যেখানে দেখা যাচ্ছে, ববির সঙ্গে ঘনিষ্ঠভাবে মুখোমুখি দীপ নামে নবাগত অভিনেতা! দুজনের শরীর জুড়ে গাছের অবয়ব। তাদের মধ্যে দেখা যাচ্ছে আবছা বিমান! ট্যাগ লাইনে দেয়া হয়েছে, বেইমান পাখির গল্প।
ফুল এন্ড ফাইনাল, দেহরক্ষী, রাজত্ব, হিরো দ্য সুপারস্টার, বিজলীসহ একাধিক ছবির মাধ্যমে বড়পর্দায় পরিচিতি পান ববি। ‘ময়ূরাক্ষী’-তেও তিনি পর্দার নেপথ্যের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।
চ্যানেল আই অনলাইনকে ববি বলেন, এই ফিল্ম সেক্টরে কাজ করি তাই এ চরিত্রটি করতে গিয়ে কিছু কিছু বিষয় আমার জীবনের সঙ্গে রিলেট করেছে। অনেকসময় সত্যি কিছু করলে মানুষ অভিনয় ভাবে, অভিনয় করলে রিয়েল ভাবে।
ববি আরও বলেন, আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই, ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি দর্শক অবশ্যই পছন্দ করবে। আর্টিস্টরা কিন্তু শুটিংয়ের সময় বুঝতে পারে কোন কাজটি কেমন হবে! ময়ূরাক্ষী ভালো হয়েছে এটা আমিও বুঝতে পেরেছি। সে কারণে আমি নিশ্চিত দর্শকরাও কাজটি পছন্দ করবেন।
‘ময়ূরাক্ষী’তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ।
রাশিদ পলাশ বলেন, এবার নতুন কনসেপ্টে খোলস ভাঙা ও সিনেমা ইন্ডাস্ট্রির গল্প তুলে এনেছি। চারপাশে ঘটে যাওয়া একটি ঘটনার কিছু ছায়া আছে, যা দর্শকরা সিনেমা হলে গিয়ে উপভোগ করুক। আমি বিশ্বাস করি এখন সিনেমার যে জোয়ার বইছে সেখানে দর্শকরা ‘ময়ূরাক্ষী’ পছন্দ করবেন।








