জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করেছে সরকার।
রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
একই দিন সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ করতে হবে। দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার সময়সীমা এক ঘণ্টা শিথিল করে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করে।







