ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বা আহত হয়েছেন, এমন গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ভিডিও প্রকাশ করে জীবিত থাকার বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আল জাজিরা জানিয়েছে, রোববার (১৬ মার্চ) টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তাকে জেরুজালেমের শহরতলির একটি ক্যাফেতে কফি পান করতে ও সহযোগীর সঙ্গে কথোপকথন করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবের জবাব দেন তিনি।
ওই ক্যাফের পক্ষ থেকেও নেতানিয়াহুর সফরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে। ক্যাফেতে নেতানিয়াহুর এক সহযোগী তাকে মৃত্যুর গুজব সম্পর্কে প্রশ্ন করলে তিনি কিছুটা শ্লেষাত্মক ভঙ্গিতে জবাব দেন, আমি কফির জন্য পাগল। জানেন কি? আমি আমার জনগণের জন্যও পাগল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের অন্তত দুটি শহর পরিদর্শন করেছেন। তিনি সেখানে একটি হাসপাতাল, বন্দর ও সামরিক ঘাঁটি ঘুরে দেখেন। তবে এসব সফরে গণমাধ্যমের উপস্থিতি সীমিত রাখা হয় এবং অধিকাংশ ভিডিও তার দপ্তর থেকেই প্রকাশ করা হয়।
নেতানিয়াহু সাধারণত খুব কমই ইসরায়েলি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন বা সংবাদ সম্মেলন করেন। ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর ১২ মার্চ তিনি প্রথম সংবাদ সম্মেলন করেন, সেটিও ভিডিও লিঙ্কের মাধ্যমে।








