ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে দুটি মানচিত্র হাতে নেন। তার ডান হাতে ছিল মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র যেখানে ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনকে কালো রঙে আঁকা হয়েছে এবং বাম হাতে ছিল আরেকটি মানচিত্র যেখানে মিশর, সুদান, সৌদি আরবকে সবুজ রঙে আঁকা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২৭ সেপ্টেম্বর) শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ২টি মানচিত্র হাতে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইরান এবং তার মিত্ররা এই কালো রঙের অঞ্চলে চলমান সংঘাতের উৎস এবং সবুজ চিহ্নিত দেশগুলো অর্থাৎ মিশর, সুদান এবং সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে বা করার প্রক্রিয়ায় আছে।
গাজা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, গাজায় হামাসের ৪০ হাজার সেনার প্রায় অর্ধেক ইসরায়েলের হাতে নিহত বা গ্রেপ্তার হয়েছে। তাদের ৯০ শতাংশ রকেট ধ্বংস করা হয়েছে। আমরা সেখানে নিরস্ত্রীকরণ এবং উগ্রবাদমুক্ত এলাকা চাই। ইসরায়েল সরকার সেখানে আঞ্চলিক ও অন্য নেতাদের আঞ্চলিক বেসামরিক নেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান দেখাতে হবে। কিন্তু হামাসকে কখনোই মেনে নেবে না ইসরায়েল।
জাতিসংঘকে ‘অন্ধকার ঘরের’ সঙ্গে তুলনা করে সাধারণ অধিবেশনের বক্তব্য শেষ করেন নেতানিয়াহু। তিনি বলেন, এই ইহুদিবিদ্বেষী পিত্তে ভরা জলাভূমিতে অধিকাংশই ইহুদি রাষ্ট্রের প্রতি অমানবিক। গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে অনেক প্রস্তাব পাস হয়েছে। একে ভন্ডামি, দ্বিমুখী নীতি ও প্রহসন বলেও মন্তব্য করেন তিনি।








