মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ ছেলেদের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। দুই ম্যাচে দুই গোল আর এক অ্যাসিস্ট তার। বুধবার নেপালের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে রোনান স্পষ্ট জানিয়ে দিলেন, এবার তার লক্ষ্য জোড়া গোল।
নেপালের বিপক্ষে নিজের পারফরম্যান্স নিয়ে সোমবার অনুশীলন শেষে বাফুফের দেয়া এক ভিডিও বার্তায় রোনান বলেছেন, ‘এটা একটা কঠিন ম্যাচ হবে। আমরা দল হিসেবে খেলে জয়ী হতে চাই। অন্তত দুই গোল মনে করি সঠিক হবে।’
সবশেষ ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। রোববার রিকভারি সেশনের পরদিনই অনুশীলনে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের আরেক ফুটবলার চন্দন রায় বলেছেন, ‘আমরা মানসিকভাবে ফিট রয়েছি। সেমিফাইনালের আগে আরেকটি সেশন করে আমরা খেলব।’
১ এপ্রিল নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালপর্বের ম্যাচ। অন্য সেমিফাইনাল ম্যাচে লড়বে ভারত ও ভুটান।








