ধানমন্ডি থানায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ভুল স্বীকার করেছেন।
আজ বৃহস্পতিবার (২৯ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বলা হয়েছে, গত ২১ মে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল। তিন কার্যদিবসের মধ্যে তিনি কারণ দর্শানো নোটিশের লিখিত ও মৌখিক জবাব ‘রাজনৈতিক পর্ষদ’ এর কাছে জমা দেন।
নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে তিনি স্বীকার করেছেন এবং আগামীতে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি থানায় আটককৃত ব্যক্তিদের কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা না থাকার প্রমাণ পাওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হলো।








