দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে আজ বৃহস্পতিবার (৯ জুন) বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও তার প্রেমিক পরিচালক বিগনেশ শিবান। মহাবালিপুরমের এক হোটেলে আজ সকালে সাতপাকে বাঁধা পরেছেন এই জুটি।
স্থানীয় সময় ৮.১০-এ শুরু হয়েছে বিয়ের আচার অনুষ্ঠান। জানা গেছে, বিয়ের ছবি সামাজিক মাধ্যমে নিজেরাই শেয়ার করবেন নবদম্পতি।
নয়নতারা-বিগনেশের বিয়েতে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। শাহরুখ খান উপস্থিত ছিলেন নজরকাড়া বেশে। সামাজিক মাধ্যমে শাহরুখের বেশ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। রজনীকান্তও উপস্থিত ছিলেন নবদম্পতিকে আশীর্বাদ দেয়ার জন্য। এছাড়াও ছিলেন বিজয় সেতুপতি, অ্যাটলি, বনি কাপুর, রাধিকা সরথকুমার, দিব্য ধরাশিনি, বসন্ত রবি সহ অনেক তারকা উপস্থিত ছিলেন বিয়েতে।
জানা গেছে ‘জেড বাই মনিকা’র ডিজাইন করা পোশাকে বরকনে সেজেছেন নয়নতারা ও বিগনেশ।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। এরপর দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থেকে গেল বছর বাগদান সারেন এই তারকা জুটি।
২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে নয়নতারার। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় ছবিতে। শিগগির নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির বিগ বাজেটের ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন বলিউড বাদশা শাহরুখ খান।
সূত্র: পিঙ্কভিলা








