ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ক্রীড়া ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার কথা বলেছেন তিনি। একইসাথে ক্রীড়াঙ্গনে অনিয়ম, অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নতির জন্য মত ব্যক্ত করেছেন।
ক্রীড়া উপদেষ্টা বস্তুনিষ্ঠতার প্রসঙ্গে বলেন, ‘দর্শক হিসেবে আগে দেখেছি থাম্বলেইন ও শিরোনাম একরকম আর ভেতরের কন্টেন্ট অন্যরকম। অনেক প্রতিবেদন দেখেছি অনুমান নির্ভর। যা খেলার আগে খেলোয়াড়দের উপর বাড়তি চাপ তৈরি করে।’
‘আপনারা ইতিপূর্বে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। আশা করি সামনেও করবেন। শুধু খেলোয়াড় কী করলেন, কী খেলেন, এর বাইরেও খেলার অনিয়ম-অসঙ্গতি অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে তুলে আনবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’
এর আগে ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন ক্রীড়া সাংবাদিকদের কথা শোনেন। তিনি বলেন, ‘আপনাদের গঠনমূলক মন্তব্য আমরা পর্যালোচনা করব। ক্রীড়াঙ্গনে আপনারা দীর্ঘদিন ধরেই রয়েছেন। আপনাদের পর্যবেক্ষণকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। এজন্য সার্চ কমিটিতে দুই জন এবং জেলা পর্যায়েও ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি রেখেছি।’








