২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া নির্বাচন কমিশনের জন্য কিছু দিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবেও বলে জানিয়েছেন তিনি।
আজ ১৮ অক্টোবর রাত ১২টার পর চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান আজকের সংবাদপত্রে যোগ দিয়ে একথা বলেন আইন উপদেষ্টা। উপস্থাপকের প্রশ্নের জবাবে জাতীয় নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে প্রথমবার সরাসরি মুখ খোলেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার ও দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ভারত (বন্দীবিনিময়) চুক্তি মানলে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত। এই চুক্তি সঠিকভাবে মানলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য।
আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল চ্যানেল আইকে জানিয়েছেন দ্রুতই শেখ হাসিনাকে ভারত থেকে দেশে আনার সকল প্রক্রিয়া শুরু হবে। ছাত্রলীগকে নিষিদ্ধের বিষয়ে ড. নজরুল বলেন, বর্তমান সরকার আগ বাড়িয়ে কিছু করবে না। তবে তাদের নিষিদ্ধ করার দাবি বড় হয়ে উঠেছে। জনপ্রত্যাশা তৈরি হলে নিষিদ্ধ করা হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, তরকারির এত দাম যে বিক্রি কমে গেছে। বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে। গত সরকারের আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে। তিনি বলেন, তবে এটুকু বলতে পারি সামনে পরিস্থিতি উন্নতি হবে। অনেকক্ষেত্রে উন্নতি হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে জানিয়ে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার করা হবে না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা পুরোটাই বাতিল করার প্রক্রিয়ায় আছি। মানুষ এই নামগুলোই শুনতে পারে না।
সাকিব আল হাসানের বিরুদ্ধে বিক্ষোভ যৌক্তিক বলেও মনে করেন আইন উপদেষ্টা। সাকিব আল হাসানের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাকিবের মতো জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশে আর আসে নাই। কিন্তু যখন আন্দোলন চলে মানুষ মরছে সাকিব তখন পোস্ট দিলো সে কোথাও এনজয় করছে এমন।
ঢালাও মামলার বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সহযোগিতায় হতো গায়েবি মামলা। এগুলো পুলিশ করত। মামলাগুলো তৎকালীন বিরোধীদলের লোকদের বিরুদ্ধে হতো। এখন হচ্ছে ঢালাও মামলা। যারা পূর্বে নির্যাতনের শিকার হয়েছিল তারাই এই মামলা করছে। এই মামলাগুলোতে যাতে নিরঅপরাধ লোক শাস্তি না পান সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
দীর্ঘ দিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসলেও, উপদেষ্টা হওয়ার পর এবারই প্রথম চ্যানেল আইতে কোনো টক শোতে অংশ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল। উপস্থাপক মতিউর রহমান চৌধুরীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।








