ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আসনটির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন মোট ৯৩ হাজার ৮৭২টি ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. এ. কাইয়ুম মোট ৯১ হাজার ৮৩৩টি ভোট পেয়েছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯২টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে দেড় শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯২টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭২টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা ৮টি আসনে জয় পেয়েছেন।


