ঘরোয়া প্রথম শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়েছে সোমবার। প্রথমদিনে দাপট দেখিয়েছে বোলাররা। রান পেতে সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের। দেশের চার ভেন্যুতেই দেখা গেছে প্রায় একই চিত্র।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে রংপুর থামে ৯২ রানে। আরিফুল হক ৩৪ রানে অপরাজিত থাকেন। সুমন খান পাঁচটি, সালাউদ্দিন শাকিল ও রিপন মণ্ডল নেন দুটি করে উইকেট।
জবাবে প্রথমদিনেই লিড নিয়েছে ঢাকা। ৫ উইকেট হারিয়ে তুলেছে ১২২ রান। তাইবুর রহমান ও নাদিফ চৌধুরী ৩০ রানে অপরাজিত আছেন। মুশফিক হাসান নিয়েছেন তিনটি উইকেট।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে তামিম ইকবালের চট্টগ্রাম গুটিয়ে গেছে ১৪১ রানে। সর্বোচ্চ ৩১ রান আসে টাইগার ওপেনারের ব্যাটে। নাবিল সামাদ পাঁচটি ও নাঈম আহমেদ নেন তিনটি উইকেট।
কোনো উইকেট না হারিয়ে ১৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে সিলেট।
শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে খুলনা ১৩১ রানে অলআউট হয়েছে। ৪২ রান আসে নাহিদুল ইসলামের ব্যাটে। মানিক খান চারটি, মো. শরিফউল্লাহ ও কাজী অনিক দুটি করে উইকেট নেন।
দিনের খেলা শেষে ৩৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে মেট্রো। ২০ রানে অপরাজিত আছেন শামসুর রহমান শুভ।
শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে তিনশর পথে রয়েছে বরিশাল। ৯ উইকেট হারিয়ে দলটি তুলেছে ২৬৯ রান। তানভির ইসলাম ৪৩ রানে অপরাজিত আছেন। সোহাগ গাজী ৫৬ ও আবু সায়েম ৫৯ রান করেন। নাহিদ রানা চারটি ও সানজামুল ইসলাম নেন দুটি করে উইকেট।








