টানা পঞ্চম হার দেখল নোয়াখালী এক্সপ্রেস। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বড় সংগ্রহ গড়তে না পারলেও লড়াইয়ের পুঁজি পেয়েছিল তারা। নাসির হোসেনের ৫০ বলে ৯০ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ঢাকা। টানা তিন হারের পর আসরে দ্বিতীয় জয় পেল তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে নোয়াখালীকে আগে ব্যাটে পাঠায় ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৩৩ রান তোলে নোয়াখালী। জবাবে ৩৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা।
রানতাড়ায় নেমে ঢাকার শুরুটা ভালো হয়নি। ১৪ রানে ২ উইকেট হারায়। পরে ঝড় তোলেন নাসির হোসেন। প্রথমে ইরফান শুক্কুরকে নিয়ে ৫৯, পরে ইমাদ ওয়াসিমের সঙ্গে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটিতে জয় নিশ্চিত করেন। ২১ বলে ফিফটি করা নাসির ২ ছক্কা ও ১৪ চারে ৫০ বলে ৯০ রানে অপরাজিত থাকেন। ২ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৯ রান করেন ইমাদ। ১১ বলে ১২ রান করেন ইরফান।
নোয়াখালীর হয়ে হাসান মাহমুদ ২ এবং জহির খান ১ উইকেট নেন।
আগে ব্যাটে নেমে টপঅর্ডারে ধস দেখে নোয়াখালী। ৪০ রানে ৫ উইকেট হারায়। হাল ধরেন মোহাম্মদ নবী ও হায়দার। ৬১ বলে ৯০ রান তোলেন দুজনে। ইনিংসের ২ বল বাকি থাকতে জুটি ভাঙে। হায়দার আউট হন ৩ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪৭ রানে। ২টি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৪২ রান করেন নবী। বাকিদের মধ্যে দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাজ সাদাকাত। পাকিস্তানি ব্যাটার ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন।
ঢাকার হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, ইমাদ ওয়াসিম, সাইফউদ্দিন, জিয়াউর রহমান, নাসির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।








