আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং থাই বিমান বাহিনী প্রধান সাকেসান কান্থার সঙ্গে বৈঠক করেছেন।
সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, বৈঠকে দুই দেশের বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। মিন অং হ্লাইং তার বাহিনীকে মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থায়ী অভিভাবক হিসেবে তুলে ধরেন। তিনি ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে “সফল” দাবি করেন
থাই বিমান বাহিনী প্রধানের সফরের একদিন আগে রাখাইন রাজ্যের পন্নাগ্যুন টাউনশিপের একটি বাজারে জান্তার যুদ্ধবিমান হামলা চালায়। আরাকান আর্মি নিয়ন্ত্রিত ওই এলাকায় হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তাই এই বৈঠক নিয়ে জোর সমালোচনা চলছে।
থাই বিমান বাহিনী প্রধানকে ইয়াঙ্গুনের মিঙ্গালাডন বিমানঘাঁটিতে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি নেপিদোতে গিয়ে জান্তা বিমান বাহিনী প্রধান টুন অংয়ের সঙ্গেও বৈঠক করেন। জান্তা একে সৌজন্য সফর হিসেবে বর্ণনা করেছে।
গৃহযুদ্ধে জান্তা ক্রমশ বিমান শক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। মিন অং হ্লাইং বারবার তার বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন, বিশেষ করে সশস্ত্র জাতীয় বিদ্রোহ মোকাবেলায়।








