৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। ফিজকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে। যেজন্য বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদও দিয়েছে কলকাতা। তবে টাইগার পেসারের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর।
রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মেশানো উচিত নয় বলে অনুরোধ করেছেন থারুর। বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোন মানে নেই। মোস্তাফিজুর একজন ক্রিকেটার। এসবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি।’
শশী থারুর আরও বলেন, ‘যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেয়া উচিত।’
শনিবার সকালে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড মোস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেবজিৎ বলেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াডে থাকা বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার অনুরোধ করেছে। তারা যদি খেলোয়াড় পরিবর্তন করতে চায়, বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেয়ার সুযোগ দেয়া হবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে সেই অনুমোদন দেয়া হয়েছে।’
পরে আনুষ্ঠানিক বিবৃতিতে মোস্তাফিজকে বাদ দেয়ার বিষয়টি জানিয়েছে কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, কেকেআর নিশ্চিত করছে বিসিসিআই আইপিএলের আসন্ন মৌসুমের আগে দল থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে।








