মেয়েদের সাদা পোশাকের ক্রিকেটে নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির পর শতরানের দেখা পেয়েছেন ফারজানা হক পিংকি ও দিলারা আক্তার দোলা। আসরে চতুর্থ সেঞ্চুরিয়ান হলেন ওপেনার মুর্শিদা খাতুন।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনে ইস্ট জোনের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সেন্ট্রাল জোনের মুর্শিদা। ১৮১ বলে ১৩ চারে শতকে পা রাখেন বাঁহাতি ব্যাটার।
দিনের খেলা শেষে ১২২ রানে অপরাজিত আছেন মুর্শিদা। ২১৯ বলের ইনিংসে ১৬ চার তার। সঙ্গে ৬৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক নিগার সুলতানা। ইস্ট জোনের ৩৫৪ রানের জবাবে ২ উইকেটে ২৪২ রান করেছে সেন্ট্রাল জোন।
ম্যাচের প্রথমদিন দিলারার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৬ রান করেছিল ইস্ট জোন। ১১ চার ও ২ ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন দিলারা। ইনিংসে ইস্ট জোনের সঙ্গে জান্নাতুল ফেরদৌস তিথি ৬৫ ও শারমিন সুপ্তা ৬২ রান করেন।
বল হাতে সেন্ট্রাল জোনের নাহিদা আকতার ৪ উইকেট নেন।
দ্বিতীয় রাউন্ডের আরেক ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১১৩ রানে এগিয়ে নর্থ জোন। প্রথম ইনিংসে নর্থ জোনের ২৩৮ রানের জবাবে ২২০ রানে গুটিয়ে যায় সাউথ জোন। ১৮ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ৯৫ রান করেছে নর্থ জোন।








