ভারতের দিল্লি ও মুম্বাইয়ে বিবিসি অফিসে কর কর্তৃপক্ষের তল্লাশির নিন্দা জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। এমপিরা বলছেন, বিবিসির কর্মী এবং সম্পাদকমণ্ডলীকে ভয় দেখাতেই দিল্লি ও মুম্বাইয়ে একযোগে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর।
বুধবার বিকেলে বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
অধিবেশনে টোরি এমপি ডেভিড রুটলি বলেন, সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা মনে করি, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা চাই, বিবিসির সম্পাদকীয় স্বাধীনতা যেন খর্ব না হয়।
সম্প্রতি বিবিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনামূলক একটি তথ্যচিত্র প্রচার করে। যুক্তরাজ্যে প্রচারিত এই তথ্যচিত্রে গুজরাটে ২১ বছর আগেকার ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা কী ছিল, তার বিশ্লেষণ করা হয়েছে। প্রচারের পর পরই তা বন্ধের নির্দেশনা দেয় ভারত সরকার।
এরপর গত সপ্তাহে বিবিসির দিল্লি ও মুম্বাইয়ের অফিসে টানা ৫৯ ঘণ্টা তল্লাশি অভিযান চালায় ভারতের আয়কর দপ্তর। ভারতীয় কর কর্তৃপক্ষের দাবি, করছাড় বিষয়ক নানা অনিয়ম করেছে বিবিসি। সেই সূত্রেই একটানা অভিযান।








