এমপি আনোয়ারুল হত্যা: আদালতে জবানবন্দিতে যা জানালেন শিলাস্তি

শিলাস্তি আদালতে এমপি আনোয়ারুল হত্যা মামলার আসামি জবানবন্দি দিচ্ছেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সঞ্জিভা গার্ডেন্সের ফ্ল্যাট ভাড়া করার জন্য ঢাকা থেকে শিলাস্তি রহমানকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানে কাউকে খুন করা হবে এমন বিষয়টি শিলাস্তি জানতেন না। এমনকি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সময় সেখানে ছিলেন না বলে দাবি করেছেন শিলাস্তি রহমান।
ডিবির রিমান্ডে থাকার মধ্যেই তাকে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন শিলাস্তি রহমান।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, শিলাস্তি আদালতকে বলেছেন, দুর্গন্ধ পেয়ে ওই ফ্ল্যাটে গিয়ে জানতে চাইলে তারা আমাকে বলে একজন বমি করেছে তাই ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দী ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার বিধান মতে রেকর্ড করেন।
জবানবন্দিতে শিলাস্তি আরও বলেন, ‘তাকে আকতারুজ্জামান শাহীন টাকার বিনিময়ে কলকাতায় নিয়ে যান। সেখানে তাকে দিয়ে এমপি আনারকে বিবস্ত্র করে ছবি তোলেন। তবে হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। আনার খুন বা লাশ গুমের বিষয়ে তিনি জানতেন না। পরে আমানুল্লাহ ওরফে শিমুলের কাছ থেকে বিষয়টি জানতে পারেন।’
শিলাস্তির স্বীকারোক্তির বিষয়ে জানতে চাইলে তদন্ত তদারক কর্মকর্তা ওয়ারি বিভাগের উপকমিশনার আবদুল আহাদ বলেন, ‘শিলাস্তি আমাদের কাছে কিলিং মিশনে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। তিনি আদালতে কী জবানবন্দি দিবেন, সেটা তার বিষয়। জবানবন্দির কপি পাওয়ার পর এবিষয়ে বিস্তারিত জানতে পারবো।






