জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের মৃত্যুতে শোক জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও প্রিয় সহকর্মী শামস সুমন মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।
সংগঠনের শোকবার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সহকর্মীরা তাকে একজন নিবেদিতপ্রাণ শিল্পী ও আন্তরিক মানুষ হিসেবে স্মরণ করছেন।
অভিনয়শিল্পী সংঘ আরও জানায়, শামস সুমনের জানাজা বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সেখানে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়।
শামস সুমনের মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অবদান রেখে তিনি সহকর্মী ও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।








