ইতালির সাবেক ফরোয়ার্ড অ্যান্টোনিও ক্যাসানো পর্তুগীজ তারকা কোচ হোসে মরিনহোর কড়া সমালোচনা করেছেন। ৬১ বর্ষী কোচের উদ্দেশ্যে বলেছেন, তিনি ‘পুরোপুরি শেষ’ এবং তিনি আর ‘কোচিং করানোর উপযুক্ত নন’।
রিয়াল মাদ্রিদ ও রোমাতে খেলা সাবেক তারকা অবসরের পর মরিনহোকে নিয়ে নিয়মিত কথা বলেন। এর আগে মরিনহোকে নিয়ে বলেছিলেন, ‘তিনি কাজ করতে পছন্দ করেন না এবং জানেন না কীভাবে যোগাযোগ করতে হয় অথবা কথা বলতে হয়।’
জানুয়ারিতে রোমা ছাড়ার পর মরিনহোকে নিয়ে ক্যাসানো বলেছেন, ‘কোচ হিসেবে মরিনহো পুরোপুরি শেষ। তিনি এখন আর কোচিং করাতে উপযুক্ত নন, ১০ বছর আগে যা করতেন, এখনও সেটাই করছেন। তিনি লিয়ান্দ্রো পারেদেস, এডোয়ার্ড বোভে এবং লরেঞ্জ পেল্লেগ্রিনিকে খেলাতেন না। ডি রসি রোমাকে এই সাহসটা দেয় যে তারা শক্তিশালী দল, সে অসাধারণ কিছু করত। সে সবসময় এটি করতো।’
শুধু মরিনহোকে নিয়ে নয়, জুভেন্টাস বস ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রিকে নিয়েও ক্যাসানো বলেছেন, ‘এ মৌসুমে ইন্টার বেশ শক্তিশালী। কিন্তু অ্যাল্লেগ্রিকে দেখে কে বলবে তার ক্যারিয়ার ফলাফলের উপর নির্ভরশীল এবং গত তিন বছর কিছু জেতেনি। তাকে সরিয়ে দেয়ার সময় এটা। গত মৌসুমে এটা করা উচিত ছিল। ১৭ খেলোয়াড় আনতে জুভেন্টাস ১৬০ মিলিয়ন ইউরো খরচ করেছে।’







