কক্সবাজার সদরে মায়ের পরকিয়া প্রেমিককে হত্যার অভিযোগে হত্যায় ব্যবহৃত আলামতসহ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়া পাতাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক ( এসআই ) নুর মোহাম্মদ।
গ্রেপ্তার রবিউল হোসাইন ওরফে রবি (২৬) একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং নিহত মোহাম্মদ আজিম কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, আসামীর মা রেহেনা বেগম প্রথম স্বামীকে ত্যাগ করে অন্তত ১০ বছর আগে বাপের বাড়ী চলে আসেন। বাপের বাড়িতে থাকা অবস্থায় তিনি মোহাম্মদ আজিমের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। কিন্তু সামাজিকভাবে বিয়ে না হলেও তারা পরস্পর স্বামী-স্ত্রীর মত বসবাস করে আসছিলেন।
রেহেনার প্রথম স্বামীর সন্তান রবিউল হোসাইনও বিষয়টি মেনে নিয়েছিলেন এবং মায়ের অবস্থান নেওয়া ঘরে যাতায়াত করতেন। মায়ের পরকিয়া প্রেমিককে এক প্রকার বাবার মত জানতেন রবিউল। তাকে মায়ের পরকিয়া প্রেমিকও সন্তানের মত জানতেন।
এই ঘটনায় দায়েরকৃত থানায় অভিযোগের বরাতে নুর মোহাম্মদ বলেন, গত ২ এপ্রিল দুপুরে মোহাম্মদ আজিমের বসত ঘরের সামনে এনজিও সংস্থা থেকে নেয়া কিস্তির টাকা নিয়ে রবিউল হোসাইনের সাথে বাক-বিতন্ডতার ঘটনা ঘটে। এক পর্যায়ে রবিউল পাশে থাকা কাঠের একটি বাটাম নিয়ে মায়ের পরকিয়া প্রেমিক আজিমকে মাথায় আঘাত করে।
পরে স্থানীয়রা আজিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আজিম মারা যান বলে জানান কক্সবাজার সদর থানার এ উপ-পরিদর্শক।
নুর মোহাম্মদ জানান, শুক্রবার দুপুরে ঘটনায় অভিযুক্ত আসামি রবিউল হোসাইন সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ায় অবস্থানের খবর পায় পুলিশ। পুলিশের একটি দল অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের বাটামটিসহ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।







