লক্ষ্মীপুরে দুই যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাতে থাকা যাত্রী জুথি বেগম (১৮) ও তার দেড় বছরের সন্তান শিহাব নিহত হয়।
এই ঘটনায় আহত হয় জুথি বেগমের স্বামী শরীফ হোসেন (৩২), ভাগিনা রাজা মিয়া (২২) ও অটোরিকশা চালক। চালকের পরিচয় জানা সম্ভব হয়নি। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর থেকে ভোলা-বরিশাল রুটের কাচারি বাড়ি নামকস্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত জুথি ও শিশু শিহাব সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী ও শিহাব তাদের শিশু সন্তান। জুথি ও তার শিশুপুত্রের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে তার বাবার বাড়ি লাহারকান্দি ইউনিয়নের হাজী মার্কেট এলাকায়।
তাদের পরিবার সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে হঠাৎ জুথির বুক ব্যথা অনুভব হয়। তাৎক্ষণিকভাবে তার স্বামী শরীফ একটি অটোরিকশা নিয়ে স্ত্রী জুথি, ছেলে শিহাব ও তার ভাগিনা রাজাকে নিয়ে সদর হাসপাতালে দিকে রওনা দেন। কাচারি বাড়ি পৌঁছালে মজু চৌধুরী ফেরি ঘাট এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শাহী পরিবহন অপর যাত্রীবাহী বাস জোনাকি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয়। যার ফলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। নিহত হয় মা-ছেলে। আহত হয় অটোরিকশার চালকসহ ৩জন।
সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহী পরিবহনের একটি বাস আটক করা রয়েছে।








