সেনেগালের থেকে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা কেড়ে নেয়ার সিদ্ধান্তকে কোনভাবেই ছাড় দিচ্ছে না দেশটির ফুটবল ফেডারেশন। শিরোপা জয়ের দুমাস পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে বিজয়ী ঘোষণা করেছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করেছে সেনেগালের ফুটবল ফেডারেশন।
মরক্কোর ফুটবল অ্যাসোসিয়েশনের আপিলের প্রেক্ষিতে, সিএসএফ পরবর্তীতে রায় দেয় যে সেনেগাল ম্যাচটি ওয়াকওভার দিয়েছে এবং ম্যাচের ফলাফল মরক্কোর পক্ষে ৩-০ নথিভুক্ত করা হয়। সেটির বিপরীতে সেনেগাল সিএএসের কাছে আপিল করেছে এবং শিরোপা পুনরুদ্ধারের আশা করছে।
সিএএসের মহাপরিচালক ম্যাথিউ রিব বলেছেন, ‘আমরা বুঝতে পারছি যে, দল এবং সমর্থকরা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আগ্রহী, এবং আমরা নিশ্চিত করব যে সকল পক্ষের ন্যায্য শুনানির অধিকারকে সম্মান জানিয়ে সালিশি কার্যক্রম যত দ্রুত সম্ভব পরিচালিত হবে।’
সেনেগাল সিএএসে যত দ্রুত সম্ভব রায় দেয়ার অনুরোধ জানালেও কোর্ট বলেছেন, ‘এই পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার কোন নির্দিষ্ট সময়সীমা নেই।’
সিএএসের শৃঙ্খলা প্যানেলের সাবেক প্রধান রেমন্ড হ্যাক আগে বলেছিলেন, ‘এই প্রক্রিয়াটি শেষ হতে আরও ছয় মাস সময় লাগতে পারে, যার অর্থ বিশ্বকাপ চলাকালীনও এটি চলমান থাকবে।’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে মরক্কোতে হয়েছিল আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল। বিতর্ক, উত্তেজনা আর নানা নাটকীয়তার ফাইনালে ১-০ গোলে স্বাগতিক মরক্কোকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় সেনেগাল। তবে প্রায় দুমাস পর ফাইনাল ম্যাচের ফলাফল পাল্টে গেছে। আপিল বিচারকরা আশ্চর্যজনকভাবে মরক্কোকে আফ্রিকা কাপ অব নেশনসের নতুন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছেন।








