ইউক্রেনে শোকসভা চলাকালে রাশিয়ার উড়োজাহাজ হামলায় নারী ও শিশুসহ ৫১ জন নিহত হয়েছেন। এই হামলাকে ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে মারাত্মক হামলার একটি হিসেবে ধরা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, গতকাল ৫ অক্টোবর স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে ইউক্রেনের খারকিভ অঞ্চলের দক্ষিণ-পূর্ব হরোজা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়াটি ছিল একজন ইউক্রেনীয় সৈন্যের। নিহতদের মধ্যে তার বিধবা স্ত্রী, ছেলে এবং পুত্রবধূ আছেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় কোন সামরিক স্থাপনা নেই। শুধুমাত্র বেসামরিক লোকজনকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
খারকিভের আঞ্চলিক প্রধান জানিয়েছেন, যারা মারা গেছেন তারা প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা। ২০২০ সালে এখানে জনসংখ্যা ছিল প্রায় ৫০১ জন। অর্থাৎ এই হামলায় ওই গ্রামের জনসংখ্যার ১০ শতাংশ বাসিন্দা নিহত হয়েছেন।
হরোজা গ্রামটি ইউক্রেনের কুপিয়ানস্ক জেলার একটি অংশ। যুদ্ধের শুরুতে এ অঞ্চলটি রাশিয়ান বাহিনী দখল করলেও কয়েক মাস যুদ্ধের পর ২০২২ সালের সেপ্টেম্বর এটি পুনরুদ্ধার করে ইউক্রেন।








