সুদানে টানা কয়েকদিন থেকে সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। দু’পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশ। তবে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দু’পক্ষই। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত ভলকার পার্থেস জানিয়েছেন, এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১শ’ ৮৫ জনে দাঁড়িয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন প্রায় ১ হাজার ৮শ’ জন মানুষ।
পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দূতের ওপর হামলা হয়েছে জানিয়ে সুদানে সংঘর্ষ বন্ধের দাবি জানিয়ে টুইট করেছেন ইউরোপীয় ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স প্রধান জোসেফ বরেল।
দু’পক্ষের হামলায় আয়ারল্যান্ডের কূটনীতিকও আহত হয়েছেন বলে জানিয়েছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী।
সুদানের বর্তমান সেনাপ্রধান এবং আধা সামরিক বাহিনী-আরএসএফ গ্রুপের প্রধানের ক্ষমতার লড়াইয়ের অংশ হিসেবে এই সংঘর্ষ চলছে। যারা যৌথভাবে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের গণতান্ত্রিক শাসন এবং নির্বাচন প্রক্রিয়াকে থামিয়ে দিয়েছিল।








