পারিবারিক গল্পভিত্তিক নাটক ও টেলিছবির প্রতি দর্শকের আগ্রহ আবারও বাড়ছে। একক জুটিনির্ভর গল্প থেকে বেরিয়ে এখন নির্মাতারা নানামুখী শিল্পীদের নিয়ে তৈরি করছেন পারিবারিক আবহের গল্প। যেখানে সম্পর্ক, আবেগ ও বাস্তব জীবনের নানা দিক উঠে আসছে।
এই ধারাবাহিকতায় আসন্ন ঈদে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই। ঈদের অনুষ্ঠানসূচিতে থাকছে প্রায় আড়াই ডজন নাটক ও টেলিছবি, যার মধ্যে অন্যতম জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পারিবারিক টেলিছবি ‘ফ্যামিলি ম্যান’।
‘ফ্যামিলি ম্যান’কে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, “নিজের ইচ্ছা চাপা দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতেই তাদের ঈদের আসল আনন্দ।”
সিদ্দিক আহমেদের রচনায় টেলিছবিতে অভিনয় করেছেন জোভান, তটিনী, মনিরা মিঠু, রোজি সিদ্দিকী, বড়দা মিঠু, রাজু, ইসরাত অতিথি।
এর আগে প্রতিটি নাটকে মায়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছে দর্শকদের কাঁদিয়েছেন মনিরা মিঠু। এই নাটকেও জোভানের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। ‘ফ্যামিলি ম্যান’ করে মনিরা মিঠু নিজেও আবেগী হয়েছেন।
তিনি যেমনটা বললেন, লুকসহ সবকিছু রাজ এবার ডিফ্রেন্টভাবে প্রেজেন্ট করতে যাচ্ছে। প্রতিটি দৃশ্যই দর্শকের নিজের কাছের মনে হবে।
মনিরা মিঠু বলেন, রাজের সঙ্গে অনেক ভালো ভালো কাজ করেছি। সে গ্রামীণ কাজ তুলনামূলক কম করেছে আগে। এবার এই গল্পটা সে এতো দক্ষতার সঙ্গে মায়াময় করে প্রতিটি দৃশ্য তৈরি করেছে সেটা দর্শক দেখলে বুঝবেন। প্রতিটি মোমেন্ট রাজ এমনভাবে তুলেছে যে এটার পুরো ক্রেডিট আমি রাজকে দেব। ৩ ঘণ্টা ডাবিং করেছি। ডাবিংয়ের সময় অঝোরে কেঁদেছি। কখন যে চোখের পানিতে ওড়না ভিজেছে বুঝতে পারিনি।
চ্যানেল আই কর্তৃপক্ষ জানাচ্ছে, ঈদের দিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে দর্শক দেখতে পারবেন ঈদের সবচেয়ে বহুল প্রতীক্ষিত এই টেলিছবিটি!
নাটকটি নিয়ে পরিচালক রাজ বলেন, ফ্যামিলি ম্যান’ পারিবারিক গল্প, অনেক ইমোশনের গল্প। যারা ঈদের ছুটিতে গ্রামে যায় তারা যেন কাজটি অবশ্যই দেখে এবং দেখার পর তাদের অনুভূতি কেমন হবে, তারা কী ফিডব্যাক দেবেন আমি সেটা দেখার অপেক্ষায় আছি। এই গল্পটা আমাদের দেশের স্বচ্ছল ও অস্বচ্ছল সবার সাথে কোনো না কোনো কানেক্ট করবে আমি বিশ্বাস রাখি।”








