প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বিশ্ব সংগীতের কিংবদন্তী শিল্পী এ আর রহমান! মঙ্গলবার এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর তারই দলের অন্যতম বেজিস্ট মোহিনী দেও দিলেন বিচ্ছেদের ঘোষণা! যা নিয়ে সংগীত দুনিয়ায় রীতিমত তোলপাড়!
এ আর রহমানের দলে বেজ গিটারিস্ট হিসেবে বহুদিন ধরেই আছেন কলকাতার মেয়ে মোহিনী দে। দেশ-বিদেশের বহু কনসার্টে তাকে দেখা গেছে। এমনকি বাংলাদেশের ‘চেঞ্জ অব উইন্ড’ এবং ভারতের কোক স্টুডিওর গানেও মোহিনীকে বাজাতে দেখা গেছে! সেই তিনিই নিজের বিচ্ছেদের ঘোষণা দিলেন গুরু এ আর রহমানের বিচ্ছেদের দিনে!
এ নিয়ে অবশ্য ভারতের নেটিজেনরা ইতিমধ্যে নানা ইঙ্গিত খুঁজে পাচ্ছেন! কেউ কেউ তো বলছেন, তবে কি রহমানের সাথে বঙ্গ কন্যার কোনো সম্পর্ক রয়েছে! নাহলে একই দিনে কেন তারা বিচ্ছেদের ঘোষণা দিবেন?
মঙ্গলবার এ আর রহমানের স্ত্রী সায়রা বানু তার আইনজীবীর মাধ্যমে যখন বিবাহ বিচ্ছেদের বিবৃতি প্রকাশ করেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই রহমানের দলের বেজিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান ইনস্টাগ্রামে।
সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী। তাই দু’জনের কর্মক্ষেত্র একই, বিধায় বিচ্ছেদ হলেও তারা একসঙ্গে কাজ করে যাবেন বলেই জানিয়েছেন মোহিনী।
দু’জনে যৌথ পোস্ট দিয়ে লেখেন, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর মার্ক আলাদা হচ্ছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারকে জানাই এই সিদ্ধান্ত আমরা পারস্পরিক সহমতেই নিয়েছি। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা ভিন্ন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি তো করব বটেই। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।’’
জীবনের এমন একটা স্পর্শকাতর মুহূর্তে সকলের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাক সেটাই চাইছেন মোহিনী। আর তাই মন্তব্যের ঘর বন্ধ রেখেছেন তিনি। তবে সমালোচনা থেমে নেই। অনেকেই বলতে শুরু করেছেন, ‘তাহলে কি রহমানের সঙ্গে কিছু চলছে?’
রহমানের সঙ্গে বিশ্বব্যাপী ৪০টিরও বেশি শোতে পারফর্ম করেছেন মোহিনী। ২০২৩ সালের আগস্টে তার স্ব-নামে (মোহিনী) প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন।








