ইরানে সংঘর্ষের মধ্যে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে নিখোঁজ অন্য সদস্যদের উদ্ধারে অভিযান এখনও চলমান রয়েছে।
রোববার (৫ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, তীব্র গোলাগুলির পর বিধ্বস্ত এফ-১৫ই বিমানটির যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
তবে তাকে এখনও পুরোপুরি নিরাপদ বলা যাচ্ছে না, কারণ উদ্ধারকারী দলকে ইরানের ভেতর থেকে নিরাপদ স্থানে ফিরতে হবে। একইসঙ্গে নিখোঁজ অন্য ক্রু সদস্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করেছে, বিমানটি ভূপাতিত করা হলেও পাইলট নিরাপদে বের হয়ে গেছেন। তাকে উদ্ধারে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে।
ইরানি সূত্রের অভিযোগ, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র পাইলটকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে। সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশ-এর বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে।
এছাড়া আরও একজন নিখোঁজ ফ্লাইট ক্রু সদস্যকে খুঁজতে যুক্তরাষ্ট্র বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ করেছে ইরানি পক্ষ।







