ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর তিনি নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত এই জাতীয় নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা যায়। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে।
ভোট দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। আমরা আশা করি, এই পথ মসৃণ হবে আগামী দিনগুলোতে। মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, আমরা আজ অত্যন্ত আনন্দিত। অনেক বাধা-বিপত্তি ও অনেক রক্তপাত, আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমাদের এই দিনটি জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। অনেক ত্যাগ স্বীকার করেছেন। অনেক মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে। গুম হয়েছে-খুন হয়েছে।
তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ে ছাত্র-জনতা কৃষক শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটা দেশ পেয়েছি। আশা করছি, এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে। আমাদের প্রত্যাশায় এই নির্বাচন বাংলাদেশে একটা নতুন অধ্যায় শুরু করবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।








