আসন্ন রমজান মাসে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের হাইকোর্টের চূড়ান্ত আদেশের অপেক্ষায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশনার পর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
রোববার ১০ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন চ্যানেল আই অনলাইনকে এই তথ্য জানান।
মাহবুবুর রহমান বলেন, ‘হাইকোর্টের সিদ্ধান্ত এখনও আমাদের হাতে পৌঁছায়নি। সিদ্ধান্ত পাওয়ার পর বৈঠকের মাধ্যমে আমরা বিস্তারিত বলতে পারবো।’
এর আগে দুপুরের দিকে হাইকোর্টে করা এক শিক্ষার্থীর অভিভাবকের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আসন্ন রমজান মাসে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহমুদা খানম।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অপর এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায় জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। আগামী ১১ থেকে ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/ বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
পরে এই বিজ্ঞপ্তি দু’টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক।








