ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্র সচিব অংশ নেন। তারা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি কর্মীদের যাতায়াতে বিঘ্ন ঘটেছে। এ অবস্থায় সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক হলে গমনেচ্ছু ও আটকে পড়া বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছে। কয়েকটি দেশ ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে।
দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
তেহরানে বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী এবং ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, সংঘাত নয় সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। সব পক্ষকে সংযম প্রদর্শন ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে সরকার।








