ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩১ ফ্লাইট বাতিল হয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় এর সরাসরি প্রভাব পড়েছে দেশের ফ্লাইট পরিচালনায়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চের নির্ধারিত ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
৩ মার্চের বাতিল হওয়া ফ্লাইটগুলোর তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্সের চারটি, এমিরেটসের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারওয়েজের দুটি এবং জাজিরা এয়ারওয়েজের চারটি ফ্লাইট।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

